News71.com
 Bangladesh
 22 Aug 21, 09:46 PM
 246           
 0
 22 Aug 21, 09:46 PM

ইউএনওর বাসভবনে হামলার ঘটনায় প্রয়োজনে তদন্ত করা হবে॥ স্থানীয় সরকারমন্ত্রী

ইউএনওর বাসভবনে হামলার ঘটনায় প্রয়োজনে তদন্ত করা হবে॥ স্থানীয় সরকারমন্ত্রী

নিউজ ডেস্কঃ বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমানের সরকারি বাসভবনে হামলা ও সংঘর্ষের ঘটনায় প্রয়োজনে তদন্ত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। একই সঙ্গে এ ঘটনাটি ভুল বুঝাবুঝি বলেও মনে করেন তিনি। ঘটনাটি এখন বেশি মাত্রায় নেই, এটি সমাধানের দিকে চলে যাচ্ছে বলে জানান তিনি। রোববার (২২ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ ঘটনায় মন্ত্রণালয় থেকে কোনো তদন্ত করছেন কিনা জানতে চাইলে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, প্রয়োজনের সাপেক্ষে তদন্ত অবশ্যই করা হবে। সবকিছুই তদন্ত করা হবে। সিটি করপোরেশন যেমনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান, প্রশাসনিক কর্মকর্তারাও দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের প্রত্যেককেই দায়িত্ব পালন করার জন্য সুযোগ করে দিতে হবে, নিজ নিজ মর্জাদার প্রতি সম্মান করে।


মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো তদন্ত কমিটি করা হয়নি-এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তাজুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে যেহেতু মামলা হয়েছে, পুলিশ তদন্ত করবে। আমাদের পক্ষ থেকে যদি তদন্ত করার দরকার, সেটা আমরাতো বিভিন্নভাবেই করি। আমার মনে হয় আপনারা নিশ্চয়ই চাইবেন না যে, আমরা আমাদের কাজ কি করি, সেটা পুঙ্খানুপুঙ্খ এ মুহুর্তে আপনাদের বলে ফেলি। কাজটি একটি ফলাফল আকারে এলে তখন হয়তো আপনারা জানবেন। আপনারা চান যে সমস্যাগুলো নিরসন হোক, ভুল বুঝাবুঝি না থাকুক, আমরাও চাই। আমি মনে করি উভয়েই দায়িত্বশীল। তাদের নিজ নিজ দায়িত্ববোধের কারণে এ সমস্যা নিরসন হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন