
নিউজ ডেস্কঃ রাজধানীর দক্ষিণখানে ফার্মেসিতে মডার্নার টিকা মেলার ঘটনায় দায় নিতে নারাজ টিকা বিতরণ বিষয়ক জাতীয় কমিটির প্রধান ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। এদিকে, টিকার জন্য মানুষের অপেক্ষা কমাতে দ্রুততম সময়ে বুথ বাড়ানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। রোববার (২২ আগস্ট) ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
কঠোর নিরাপত্তা আর ব্যবস্থাপনার ফাঁক গলে রাজধানীর প্রান্তিক এলাকার ফার্মেসিতে মডার্নার টিকা পাওয়ার বিষয়টি জন্ম দেয় নানা প্রশ্নের। কোভিড টিকার মতো স্পর্শকাতর পণ্য বাইরে চলে যাওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি খতিয়ে দেখছে স্বাস্থ্য অধিদপ্তরও। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, টিকা বাইরে যাওয়ার বিষয়ে এখনো উপসংহারে পৌঁছানোর মতো তথ্য মেলেনি। তদন্ত করে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। একই সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে বিতরণ ব্যবস্থায় কোনো ঘাটতি আছে কি না। তবে দায় নিতে নারাজ টিকা বিতরণ বিষয়ক জাতীয় কমিটির প্রধান।