News71.com
 Bangladesh
 22 Aug 21, 09:45 PM
 236           
 0
 22 Aug 21, 09:45 PM

কাঁচাপাটের বাজার সর্বদা পর্যবেক্ষণ করা হবে॥ পাটমন্ত্রী

কাঁচাপাটের বাজার সর্বদা পর্যবেক্ষণ করা হবে॥ পাটমন্ত্রী

নিউজ ডেস্কঃ অভ্যন্তরীণ সরবরাহ নিশ্চিত করাসহ পাট ও পাটজাত পণ্য রপ্তানির ধারা বেগবান করার লক্ষ্যে কাঁচাপাটের বাজার সব সময় পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। রোববার (২২ আগস্ট) দুপুরে সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কাঁচাপাটের বাজার ব্যবস্থাপনা, তদারকি ও রপ্তানি বিষয়ক সভায় তিনি এ কথা বলেন। বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, এ বছর পাট মৌসুম শুরু হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে কাঁচাপাট বাজারে আসতে শুরু করেছে। এ মৌসুমে কাঁচাপাটের উৎপাদনও সন্তোষজনক। চাষিরা পাটের ভালো দাম পাচ্ছেন। চলতি পাট মৌসুমে লক্ষ্যমাত্রা অনুযায়ী পাট চাষ নিশ্চিতকরণে বীজ সরবরাহ সঠিক রাখা হয়েছে। কোনো কারণে যেন কাঁচাপাটের দাম অসহনীয় না হয় সেজন্য সর্বদা বাজার পর্যবেক্ষণ করা হবে। তিনি বলেন, পাট ও পাটজাত পণ্যের রপ্তানি আয়ের ধারা অব্যাহত রাখার জন্য কাঁচাপাটের সরবরাহ নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। এজন্য লাইসেন্সবিহীন অসাধু ব্যবসায়ীদের কাঁচাপাট ক্রয়-বিক্রয় ও মজুদ হতে বিরত রাখা, ভিজাপাট ক্রয়-বিক্রয় রোধ করাসহ বাজারে কাঁচাপাটের সরবরাহ নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাট অধিদফতরকে নির্দেশ দেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন