
নিউজ ডেস্কঃ মানিকগঞ্জের পাটুরিয়া ৪, ৩ নং ফেরি ঘাটের পন্টুনে পানি ও নদীতে প্রবল স্রোতের কারণে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। এতে সময় লাগছে দ্বিগুণ ও পন্টুনে পানি উঠায় যানবাহনে যন্ত্রাংশ ক্ষতিসহ নানা সমস্যার কথা জানিয়েছেন শ্রমিক ও ব্যবসায়ীরা। গত ২৪ ঘণ্টায় যমুনার পানি মানিকগঞ্জের আরিচা ঘাট পয়েন্টে ৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে পাটুরিয়া ৩ ও ৪ নং ফেরি ঘাটের পন্টুনসহ ঘাট এলাকায় পানি উঠায় লোড-আনলোডসহ নানা সমস্যা হচ্ছে।
অন্যদিকে, নদীর প্রবল স্রোতের কারণে ফেরি চলাচলও চরমভাবে ব্যাহত হচ্ছে। ঘাট এলাকায় পারের অপেক্ষায় রয়েছে ৬ শতাধিক ছোট-বড় যানবাহন। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৮টি ফেরি চলাচল করছে। নানা দুভোর্গে রয়েছে যানবাহনের শ্রমিক ও ব্যবসায়ীরা। আরিফ নামের এক ট্রাক চালক বলেন, আমাদের চরম দুভোর্গ চলছে। শিমুলিয়া-বাংলাবাজার বন্ধ, এখানেও স্রোতের কারণে ফেরি চলে না। অন্যদিকে পন্টুনে পানি থাকায় যানবাহনের যন্ত্রাংশ নষ্ট হচ্ছে, কোথায় যাব ভাই।