
নিউজ ডেস্কঃ দেশে তাপমাত্রা গত সপ্তাহের তুলনায় কিছুটা কমলেও তাপপ্রবাহ কাটেনি। ফলে কমেনি গরমও। এই অবস্থায় রাজধানীতে হঠাৎ বৃষ্টিতে স্বস্তি নেমে এসেছে জনজীবনে। আবহাওয়া অধিদফতর বলেছিল, বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে কম হলেও মে মাসে এপ্রিলের চেয়ে তুলনামূলক বৃষ্টিপাত বেশি হবে। এছাড়া মাসের প্রথম সপ্তাহে বাড়বে কালবৈশাখী ঝড়ও। সে পূর্বাভাসকে সত্যে পরিণত করে গত দু'দিন ধরেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সঙ্গে ঝড় বয়ে যাচ্ছে। রোববার (২ এপ্রিল) দিনভর খরতাপ না থাকলেও জলীয় বাষ্পের কারণে ভ্যাপসা গরম ছিল। বিকেল থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির দেখা মেলে পশ্চিমা লঘুচাপের কারণে।
আবহাওয়া অফিস জানিয়েছে বিকেলে নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর,ঝিনাইদহ, যশোর, কুষ্টিয়া, কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, ময়মনসিংহ, সিরাজগঞ্জ এলাকাসমূহে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হয়েছে। রাজধানীতেও তার ধারাবাহিকতায় রাত দশটার দিকে হঠাৎ ধুলিঝড়ের পর নেমে আসে বৃষ্টি। তবে আবহাওয়াবিদদের ভাষায়, এটা খুব সামান্য পরিমাণ বৃষ্টিপাত। কিন্তু এই বৃষ্টিপাতের কারণে গরম বলতে গেলে আপাতত কেটে গেছে।