
নিউজ ডেস্কঃ হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফীর অনুসারী নেতারা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রবিবার (২ মে) রাতে তাঁরা স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসায় যান। রাত ১০টা থেকে সাড়ে ১০টার পর্যন্ত তারা মন্ত্রীর বাসায় অবস্থান করেন। তবে সাক্ষাতের বিষয়ে কোনো ধরনের মন্তব্য করেননি তারা। 'শফী কমিটি'র যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, মাওলানা হাসনাত আমিনী, মাওলানা আলতাফ, মাওলানা মঈনুদ্দিন রুহী মন্ত্রীর বাসায় যান। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুনির্দিষ্ট কি নিয়ে আলোচনা হয়েছে এ বিষয়ে জানাননি হেফাজত নেতারা।
এর আগে গত ২০ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বাসায় সাক্ষৎ করতে গিয়েছিলেন হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত বাবুনগরী-মামুনুল কমিটির নেতারা। সেদিন গিয়েছিলেন হেফাজতের বিলুপ্ত কমিটির মহাসচিব মাওলানা নূরুল ইসলাম জিহাদী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা আতাউল্লাহ হাফেজীসহ অন্তত ১০ জন শীর্ষ নেতা। জানা গেছে, হেফাজতের বর্তমান কমিটি বিলুপ্তির পর নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা করছেন আহমদ শফীপন্থী আলেমরা। নতুন করে হেফাজতকে ঐক্যবদ্ধ করার চেষ্টা চালাচ্ছেন তারা। এজন্য নেতারা সদ্য বিলুপ্ত কমিটির বিতর্কিত কর্মকাণ্ড প্রকাশ্যে তুলে ধরার পাশাপাশি ব্যস্ত সংগঠন গোছাতে। এমনকি ঝিমিয়ে থাকা নেতাকর্মীদের চাঙা করে মাঠে নামার প্রস্তুতিও নিচ্ছেন তারা।