
নিউজ ডেস্কঃ লকডাউনকে উপেক্ষা করে আগেভাগেই অনেকে ঘরে ফিরছেন। ঈদে ঘরে ফেরা মানুষের চাপ বাড়তে শুরু করেছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে। সোমবার (৩ মে) সকালে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজির হাট নৌরুটে এ চিত্র দেখা গেছে। ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদকে সামনে রেখে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজির হাট নৌরুটে লকডাউনের মধ্যে ও যানবাহন এবং যাত্রীর চাপ বৃদ্ধি পেয়েছে। তবে ঘাট এলাকায় স্বাস্থ্যবিধির কোনো বালাই নেই।
পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজির হাট নৌরুটে সকাল ৭টার পর থেকে কে-টাইপ ও ইউটিলিটি ৪টি ছোট ফেরি চলাচল করছে। ভিড় এড়াতে ঈদের আগেই ঢাকা ছাড়ছেন বলে জানান যাত্রীরা। পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজির হাট নৌরুটে গতরাত সন্ধ্যা ৬টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত ৪ হাজার যানবাহন পারাপার হয়েছে বলে জানিয়েছেন পাটুরিয়া ঘাটের ব্যবস্থাপক মো. সালাম হোসেন।