News71.com
 Bangladesh
 03 May 21, 10:37 AM
 214           
 0
 03 May 21, 10:37 AM

দিনাজপুরে তিন কিশোরকে গাছে বেঁধে পৈশাচিক নির্যাতন।।

দিনাজপুরে তিন কিশোরকে গাছে বেঁধে পৈশাচিক নির্যাতন।।

নিউজ ডেস্কঃ দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ছাগল চুরির অপবাদে শারীরিক প্রতিবন্ধীসহ তিন কিশোরকে গাছে বেঁধে পৈশাচিক নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরো দুই কিশোরকে খুঁজছে নির্যাতনকারীরা। গতকাল শনিবার দুপুরে ফুলবাড়ী উপজেলার ৭ নম্বর শিবনগর ইউনিয়নের রামভদ্রপুর বুদ্ধিজীবীর মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রামভদ্রপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাকিম সরকার বাবু মাস্টারসহ আটজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা গেছে, গতকাল শনিবার সকাল সাড়ে ১১টায় উপজেলার ত্রিমোহনী এলাকার বাসিন্দা শারীরিক প্রতিবন্ধী সৈয়দ শামীম হোসেন (১৬) এবং পূর্ব জাফরপুর গ্রামের রাকিবুল ইসলাম (১৫) ও নিশাতকে (১৬) নিজ বাড়ি থেকে ডেকে রামভদ্রপুর গ্রামের বুদ্ধিজীবী মোড়ে নিয়ে যায়। সেখানে তাদেরকে ওই গ্রামের রূপচাঁদের ছাগল চুরির অপবাদ দিয়ে শিক্ষক মোস্তাকিম সরকার বাবু মাস্টার (৫০), মো. শাকিব (২৫), মো. শিপন (২৬), রেজাউল (৫৫), আফজার হোসেন (৬০), মো. শুভ (২৪), হৃদয় (২৫), নূরনবীসহ (২৬) ওই গ্রামের বেশ কয়েকজন গাছের সঙ্গে বেঁধে রড, পাইপ ও লাঠিসোঁটা দিয়ে মধ্যযুগীয় কায়দায় পিটিয়ে গুরুতর জখম করে। চুরির স্বীকারোক্তি নিতে প্রকাশ্যে কিশোর তিনজনের পায়ে ইনজেকশনের সিরিঞ্জের সুচ পায়ের তালুতে ফুটিয়ে নির্যাতন চালানো হয়েছে। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম বলেন, গাছে বেঁধে তিন যুবককে নির্যাতনের ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি এসআই আজাদকে তদন্তের জন্য দেওয়া হয়েছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন