
নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া আধিদপ্তর। একই সঙ্গে বিদ্যমান তাপপ্রবাহ প্রশমিত হতে পারে বলে জানানো হয়েছে। রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা জেলা সমুহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়ার সম্মুখীন হতে পারে। এছাড়া দেশের অন্যত্রও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার রাতে আবহাওয়া অফিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীতাকুন্ড রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, রাজশাহী এবং পাবনা অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গায় প্রশমিত হতে পারে।
শনিবার (০১ মে) সকাল ৬টা থেকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, কুষ্টিয়া ও যশোর অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া আগামী ৭২ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে।