
নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতির কারণে স্কুল, কলেজ ও মাদ্রাসা খোলার তারিখ পিছিয়ে যায় একের পর এক। আগের ঘোষণা অনুযায়ী বেশ কয়েকটা তারিখ শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য ঠিক করা হলেও তা সম্ভব হয়নি। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী ২৩ মে থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে। সে মোতাবেক শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) এক ভার্চুয়াল সংলাপে এ কথা জানান শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (মাউশি) সচিব মো. মাহবুব হোসেন।
সচিব বলেন, করোনার মধ্যে শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে আমরা টেলিভিশন, অনলাইন ও রেডিওতে ক্লাস সম্প্রচার শুরু করেছি। তার পাশাপাশি মাধ্যমিকের শিক্ষার্থীদের বাসায় অ্যাসাইনমেন্টের কাজ দেয়া হচ্ছে। তিনি বলেন, দেশের পরিস্থিতির উন্নতি হলে আগামী ২৩ মে স্কুল-কলেজ খুলে দেয়া হবে। আমাদের আগের ঘোষণা অনুযায়ী যে সিদ্ধান্ত ছিল তা এখনো বহাল রয়েছে। এটি বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়া হয়েছে। এর আগে গত ২৫ মার্চ করোনা ভাইরাস সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির বৈঠক শেষে ২৩ মে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়।