
নিউজ ডেস্কঃ পারিবারিক কলহের জেরে মাদকাসক্ত ছেলের টিউবওয়েলের হাতলের আঘাতে বাবা খোকন মিয়া (৫৫) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জামির্তা ইউনিয়নের উত্তর বকচর গ্রাম থেকে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ছেলে কাউসার হোসেন (২২) পলাতক রয়েছেন।
জানা গেছে, উত্তর বকচর গ্রামের খোকন মিয়া আগে ট্রাক চালাতেন। তবে প্যারালাইসিস হওয়ায় প্রায় এক বছর ধরে তাঁর বা হাত-পা অবশ হয়ে পড়ে। এরপর থেকে তিনি বাড়িতে অধিকাংশ সময় বিছানায় শুয়ে থাকতেন। তাঁর ছোট ছেলে কাউসার ইঞ্জিন মিস্ত্রির কাজ করেন। কাউসার মাদক সেবন করতেন। মাদক সেবন নিয়ে বাবা ছেলেকে গালাগালি করেন। এছাড়াও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে সকালের দিকে বাবা ও ছেলের মধ্যে ঝগড়া হয়। এই ঝগড়ার এক পর্যায়ে বাড়িতে পরিত্যক্ত টিউবওয়েলের হাতল দিয়ে কাউসার তাঁর বাবার মাথায় আঘাত করেন। এ সময় খোকন মিয়া মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। এর পরপরই কাউসার বাড়ি থেকে পালিয়ে যান। সিঙ্গাইর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন লেখা শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।