
নিউজ ডেস্কঃ চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৩ বা ১৪ মে দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। অর্থাৎ ঈদের ছুটি শুরু হবে ১২ মে থেকে। চলমান লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে আগামী ৫ মে পর্যন্ত। ৬ থেকে ১১ মে পর্যন্ত এই ছয় দিনের মধ্যে তিন দিনই থাকছে সাপ্তাহিক ও বিশেষ ছুটি। অর্থাৎ কর্মদিবস থাকে মাত্র তিনটি। এ অবস্থায় চলমান ‘লকডাউন’ ঈদের ছুটি পর্যন্ত গড়াবে কি না সেই আলোচনা উঠেছে।
বিষয়টি নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বললে তাঁরা সাংবাদিকদের বলেছেন, বিধি-নিষেধের মেয়াদ বাড়ানোর আলোচনা সরকারের মধ্যেও আছে। কিন্তু সিদ্ধান্ত হওয়ার আগ পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, চলতি লকডাউন শেষ হওয়ার পর ৭ ও ৮ মে হচ্ছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার। এরপর ১০ মে পবিত্র শবেকদরের ছুটি। জানতে চাইলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গতকাল বৃহস্পতিবার বলেন, ‘আপাতত ৫ মে পর্যন্ত বাড়ানো লকডাউন কিভাবে সফলভাবে শেষ করা যায়, সরকার সেই কাজ করছে। ৫ মের পরে কী হবে তা চলমান লকডাউনের মেয়াদ শেষ হওয়ার আগেই জানানো হবে। এ বিষয় নিয়ে অগ্রিম কথা বলার সুযোগ নেই।’