
নিউজ ডেস্কঃ করোনা ভাইরাস সংক্রমণরোধে মার্কেট ও শপিংমলে আগত সবাইকে অবশ্যই মাস্ক পরার পাশাপাশি যথাযথ স্বাস্থ্যবিধি মানতে হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বুধবার (২৮ এপ্রিল) দুপুরে ডিএমপি সদর দপ্তরে মার্কেট ও শপিংমলের নিরাপত্তা সম্পর্কিত সভায় তিনি এ কথা জানান।
ডিএমপি কমিশনার বলেন, করোনা ভাইরাসের এ পরিস্থিতিতে আমাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মার্কেট মালিক সমিতির নেতৃবৃন্দ পুলিশের উপস্থিতিতে মার্কেটে ঘুরে ঘুরে মাস্ক ও স্বাস্থ্যবিধি মেনে চলতে মানুষকে উদ্বুদ্ধ করবেন। এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের উপ-পুলিশ কমিশনারদের (ডিসি) ব্যবস্থা নিতে বলেন তিনি। ঈদের ছুটিতে স্বর্ণের দোকান ও খালি বাড়িঘরের নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি মালিক পক্ষকেও সচেতন থাকার অনুরোধ জানান ডিএমপি কমিশনার।