
নিউজ ডেস্কঃ করোনার ভ্যাকসিন নিয়ে কারো সঙ্গে বিশেষ কোনো সম্পর্কের দরকার নেই, জনগণকে বাঁচাতে যেখান থেকে পারে সরকার ভ্যাকসিন সংগ্রহ করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, দোষারোপের রাজনীতি পরিহার করে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে সবার অভিন্ন শত্রু করোনাকে মোকাবিলা করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
বুধবার (২৮ এপ্রিল) সকালে রাজধানীর বনানী কবরস্থানে শহীদ শেখ জামালের ৬৮তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে প্রথমে প্রধানমন্ত্রীর পক্ষে ও পরে দলের পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের। শেখ জামাল বঙ্গবন্ধু পরিবারের সাহস ও মেধার যে রাজনীতি তারই অনন্য দৃষ্টান্ত উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, শেখ জামালের জন্মদিনে শপথ হোক—বাংলাদেশে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতির ট্রাজেডি থেকে জাতিকে মুক্তি দিতে হবে। যে যেই দল করুক হত্যার রাজনীতি কারো কাম্য নয়।