
নিউজ ডেস্কঃ স্বাস্থ্যমন্ত্রী দেশবাসীকে অভয় দিয়ে বলেছেন, ভারত অক্সিজেন সরবরাহ বন্ধ করলেও এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। বাংলাদেশের অক্সিজেন ব্যবস্থাপনা অন্য কোনো দেশের ওপর নির্ভর করে না। এই মুহূর্তে দেশে কোনো অক্সিজেন সংকট নেই।
মন্ত্রী বলেন, ‘লিকুইড অক্সিজেনের তুলনায় গ্যাস অক্সিজেনের উৎপাদনে বাংলাদেশের সক্ষমতা অনেক বেশি। দিনে এখন আড়াই শ টন গ্যাস অক্সিজেন উত্পাদন করা সম্ভব হচ্ছে। আর লিকুইড অক্সিজেন উৎপাদন হয় দেড় থেকে দুই শ টন। দেশের বেসরকারি মেডিক্যাল খাতেও ৪০ থেকে ৫০ টন অক্সিজেন উৎপাদন সক্ষমতা রয়েছে। প্রয়োজনে সেখান থেকেও নেওয়া যাবে। এ ছাড়া আমরা এখন দেশের হাসপাতালগুলোতে স্থাপনের জন্য ছোট ছোট অক্সিজেন প্লান্ট এনে স্থাপনের উদ্যোগ নিয়েছি।’ বিভিন্ন গণমাধ্যমে দেশে অক্সিজেন সংকট নিয়ে সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক গতকাল এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।