
নিউজ ডেস্কঃ করোনা সংক্রমণ প্রতিরোধে দোকানপাট ও শপিংমলসহ সব ধরনের কেনাকাটায় ক্রেতা-বিক্রেতাদের অবশ্যই মাস্ক পরিধান এবং অন্যান্য স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকেলে করোনা ভাইরাস সংক্রমণের বিস্তার রোধে করণীয় সম্পর্কে বাংলাদেশ দোকান মালিক সমিতির নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
পুলিশ সদর দপ্তরের কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় সব পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা অনলাইনে যুক্ত ছিলেন। আইজিপি বলেন, কেনাকাটার ক্ষেত্রে দোকানদার ও ক্রেতা উভয়কে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। দোকান বা শপিংমলের প্রবেশপথে স্যানিটাইজার বা হাত ধোয়ার ব্যবস্থা রাখতে হবে, শরীরের তাপমাত্রা পরীক্ষা করতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করতে একসঙ্গে বেশি লোকের প্রবেশ নিরুৎসাহিত করতে হবে। বড় বড় দোকানের ক্ষেত্রে ক্রেতার অবস্থান গোল চিহ্ন দিয়ে নির্দিষ্ট করে রাখতে হবে।