
নিউজ ডেস্কঃ নিজে আত্মগোপনে গিয়ে অপহরণের নাটক সাজিয়ে নিজের স্ত্রীর কাছে এক লাখ টাকা মুক্তিপণ হিসেবে দাবি করেছেন এক যুবক। হাবিবুর রহমান (২৯) নামে ওই যুবকের বাড়ি পঞ্চগড় জেলা সদরের পূর্ব জালাসী এলাকায়। তিনি ওই এলাকার লেবু মিয়ার ছেলে। অপহরণের নাটক সাজালেও শেষে পুলিশের ফাঁদে ধরা পড়েন তিনি।
পুলিশ জানায়, হাবিবুর পেশায় একজন পোলট্রি মুরগি খামারী। ১২ এপ্রিল দুপুরে বাসা থেকে বের হয়ে যান হাবিবুর। তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। মোবাইল ফোনটিও বন্ধ রাখেন তিনি। ১৬ এপ্রিল অপরিচিত একটি মোবাইল নাম্বার থেকে তার স্ত্রী আছিয়া খাতুনকে কল করে হাবিবুর জানায়, 'তাকে অপহরণ করা হয়েছে। উদ্ধার করতে এক লাখ টাকা মুক্তিপণ দিতে হবে।' ঋণ বেশি হওয়ায় হাবিবুর এমন নাটক সাজান বলে পুলিশের কাছে স্বীকার করেছেন। তবে তার পরিবারের কোনো অভিযোগ না থাকায় হাবিবুরকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড় সদর থানার ওসি আবু আক্কাছ আহমদ।