
নিউজ ডেস্কঃ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হকের ‘দ্বিতীয় স্ত্রী’ জান্নাত আরা ঝর্ণাকে উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে রাজধানীর বসিলার একটি বাসা থেকে ঝর্ণাকে উদ্ধার করে ডিবি। ডিবির মতিঝিল বিভাগের উপকমিশনার মো. আসাদুজ্জামান ঝর্ণাকে উদ্ধার করার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, ঝর্ণাকে উদ্ধার করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। বিকেলে তাকে তার বাবার কাছে সোপর্দ করা হয়েছে। এর আগে সোমবার (২৬ এপ্রিল) ঝর্ণার বাবা ওলিয়ার রহমান মেয়েকে জরুরিভিত্তিতে উদ্ধার করতে কলাবাগান থানায় জিডি করেন। ওই জিডির পরিপ্রেক্ষিতে একদিন পর ঝর্ণাকে উদ্ধার করা হলো।