
নিউজ ডেস্কঃ অবৈধ দখলদারদের কাছে বৈধ নোটিশ পাঠানো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে রাজধানীর কল্যাণপুর পাম্পের জলাধারের জন্য সিটি করপোরেশনের অধিগ্রহণকৃত জমি পরিদর্শন শেষে তিনি এ হুঁশিয়ারি দেন।
এ সময় স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, খাল খনন নিয়ে সরকারের দীর্ঘমেয়াদি প্রকল্প রয়েছে। এদিকে মেয়র জানান, খালের জন্য অধিগ্রহণকৃত ১৭১ একর জমির মধ্যে ১৬৮ একর জমিই অবৈধ দখলদারদের অধীনে রয়েছে। দখলদারদের স্বেচ্ছায় অধিগ্রহণকৃত জমি ছেড়ে যেতে অনুরোধ করেন মেয়র। অন্যথায় বুলডোজার দিয়ে উচ্ছেদেরও হুঁশিয়ারি দেন তিনি। কল্যাণপুর খালটি পুনরুদ্ধারের মাধ্যমে সাত লাখ নগরবাসীকে জলাবদ্ধতা থেকে মুক্তি দেওয়া সম্ভব বলেও জানান মেয়র।