
নিউজ ডেস্কঃ রাজধানীর আরমানিটোলায় ছয় তলা আবাসিক ভবনের নিচতলায় রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (২৬ এপ্রিল) তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার রাতে (২৩ এপ্রিল) পুরান ঢাকার আরমানিটোলায় হাজী মুসা ম্যানশনে আগুনের ঘটনায় ভবনের মালিকসহ কয়েকজনের নাম উল্লেখ করে মামলা হয়। পুলিশ বাদী হয়ে বংশাল থানায় মামলাটি দায়ের করে। এদিকে রাজধানীর আরমানিটোলার রাসায়নিক গুদামে আগুনের ঘটনায় দগ্ধদের চিকিৎসা চলছে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।
অবহেলাজনিত মৃত্যু ও অবৈধভাবে রাসায়নিক দ্রব্য রাখার দায়ে ভবনের মালিক মোস্তাক আহমেদসহ ৭ থেকে ৮ জনের নাম উল্লেখ করে এবং আরও ১৫ থেকে ২০ জন অজ্ঞাতনামা আসামি করে মামলাটি দায়ের করা হয়। শুক্রবার ভোরে আরমানিটোলা এলাকার হাজী মুসা ম্যানশনের নিচতলায় কেমিক্যাল গোডাউনে লাগা আগুনে ইডেন কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী সুমাইয়া ও ভবনের কেয়ারটেকারসহ চারজন মারা যান। এ ছাড়া ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।