
নিউজ ডেস্কঃ বোরো ধানের মণপ্রতি মূল্য এক হাজার ৫০০ টাকা নির্ধারণের দাবি জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান আজ শনিবার (২৪ এপ্রিল) এক বিবৃতিতে এই দাবি জানান। তিনি প্রতি ইউনিয়নে ক্রয়কেন্দ্র খুলে খোদ কৃষকের কাছ থেকে সরকারিভাবে অন্তত ৫০ লাখ টন ধান কেনার আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে খালেকুজ্জামান বলেন, দেশের হাওর অঞ্চলে এর মধ্যে ৪০ ভাগ বোরো ধান ধান কাটা হয়েছে। অথচ এখনো সরকার ধান কেনার জন্য দাম নির্ধারণ করেনি। কৃষি সম্প্রসারণ বিভাগ, কৃষি গবেষণা ইনস্টিটিউটসহ বিভিন্ন প্রতিষ্ঠান এবারে বোরো ধানের উৎপাদন খরচ গড়ে ২৬ টাকার ওপরে পড়েছে বলে জানিয়েছে। সে ক্ষেত্রে উৎপাদন খরচের সঙ্গে ৪০ শতাংশ মূল্য সংযোজন করে ধানের দাম নির্ধারণ করতে হবে। এটি না করলে দেশের কৃষি-কৃষক কৃষি কাজ করে টিকে থাকতে পারবে না। ফলে উৎপাদন খরচের সঙ্গে ৪০ শতাংশ মূল্য সংযোজন করে ধানের দাম মণপ্রতি ১৫০০ টাকা নির্ধারণ করা উচিত। বিবৃতিতে আরো বলা হয়, গত বছরের এই সময়ে খাদ্য মজুদ ছিল ১২ লাখ টন, এখন তা ৩ লাখ টনে ঠেকেছে। বিশেষজ্ঞরা বলছেন চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে হলে অন্তত ১৫ লাখ টন খাদ্য মজুদ থাকা উচিত। না হলে বাজারে অস্থিরতা তৈরি হতে বাধ্য।