
নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন অঞ্চলে টানা কয়েকদিন ঝড়-বৃষ্টির পর ফের উত্তপ্ত হতে শুরু করেছে আবহাওয়া। বর্তমানে দেশের ৯টি অঞ্চলের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ অবস্থা বজায় থাকতে পারে আরো কয়েকদিন। ফলে তাপমাত্রা আরো বাড়ার এবং বিস্তার লাভের সম্ভাবনা রয়েছে। শনিবার (২৪ এপ্রিল) সকালে আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে সিলেটে বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে মাদারীপুর, সন্দ্বীপ, ফেনী, রাজশাহী, খুলনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও খেপুপাড়া অঞ্চলগুলোর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে ও বিস্তার লাভ করতে পারে। আগামী ২৪ ঘণ্টায় সারাদেশের দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, তাপমাত্রা আরো বাড়তে পারে।