
নিউজ ডেস্কঃ মানুষের জীবন-জীবিকার কথা বিবেচনায় নিয়ে চলমান কঠোর বিধি-নিষেধ বা ‘লকডাউন’ তুলে দিয়ে ‘নো মাস্ক নো সার্ভিস’ ফর্মুলার দিক যাচ্ছে সরকার। আগামীকাল রবিবার থেকে দোকানপাট ও শপিং মল খোলা রাখা যাবে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকানপাট ও শপিং মল খোলা রাখার বিষয়ে গতকাল শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আদেশ জারি হয়েছে। দোকানপাট ও শপিং মল খোলার সঙ্গে গণপরিবহন যুক্ত। তবে মন্ত্রিপরিষদের আদেশে এই বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে দ্রুতই গণপরিবহন চালুর বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসবে।
রবিবার থেকে দোকানপাট খুলে দেওয়ার সিদ্ধান্তের পর বাস মালিকরাও এখন গণপরিবহন চালুর দাবি জানিয়েছেন। স্বাস্থ্যবিধি মেনে আগামী ২৯ এপ্রিল থেকে পরিবহন চালাতে চান পরিবহন মালিকরা। এ নিয়ে পরিবহন মালিকরা সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও সচিবের সঙ্গে আলোচনাও করেছেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন শুক্রবার বিকেলে গণমাধ্যমকে বলেন, চলমান ‘লকডাউন’ ২৮ এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকছে। জীবন ও জীবিকার কথা বিবেচনায় রেখে দোকানপাট ও শপিংমল খোলে দেওয়া হচ্ছে। কেউ যেন মাস্ক ছাড়া কেনাকাটা না করে সে বিষয়টি অবশ্যই নিশ্চিত করা হবে।