
নিউজ ডেস্কঃ করোনাকালীন এই পরিস্থিতিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের দলের কর্মী হিসেবে নয়, দেশের কর্মী হিসেবে কাজ করার আহ্বান জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শেখ হাসিনার নেতৃত্বে এখন দুটি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, প্রথমটি হচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা আর দ্বিতীয়টি হচ্ছে জীবিকার জন্য খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানো।
শুক্রবার (২৩ এপ্রিল) সকালে অসহায় ও কর্মহীন মানুষের মাঝে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ সব কথা বলেন ওবায়দুল কাদের। ভার্চ্যুয়ালি এ অনুষ্ঠানে যুক্ত হয়ে ওবায়দুল কাদের বলেন, জন্মলগ্ন থেকে আজ অবধি মানুষের পাশে থেকে আস্থা অর্জন করা একমাত্র রাজনৈতিক দল আওয়ামী লীগ। চলমান করোনা সংকটেও সরকারের পাশাপাশি আওয়ামী লীগ সারাদেশের অসহায়, খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।