
নিউজ ডেস্কঃ করোনা ভাইরাস নিয়ন্ত্রণে প্রথম দফার সাত দিনের ‘লকডাউনের’ ইতিবাচক প্রভাব পড়েছে রাজধানীর বায়ুমণ্ডলে। এই সময়ে ঢাকা শহরের বায়ুদূষণ কমেছে প্রায় ৪৫ শতাংশ। স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) করা জরিপে দেখা গেছে, গত ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত সাত দিনে বায়ুদূষণের মান ১ থেকে ৪ এপ্রিল (লকডাউনের আগে) এবং ৫ থেকে ৮ এপ্রিলের (সীমিত লকডাউন) চেয়ে যথাক্রমে প্রায় ৩০ ও ৪৫ শতাংশ কমেছে। তবে সীমিত লকডাউনের সময় লকডাউনের আগের সময়ের তুলনায় প্রায় ২৭.৫ শতাংশ বায়ুদূষণ বৃদ্ধি পেয়েছিল।
ইউএসএইড ও ইউকেএইডের অর্থায়নে পরিচালিত একটি প্রকল্পের আওতায় স্বয়ংক্রিয় যন্ত্রের সাহায্যে প্রতিদিন ঢাকায় দুটি করে মোট ১০টি এলাকায় এই বায়ুর মান পরিমাপ করা হয়। দেখা যায়, ঢাকায় লকডাউন শুরুর পর ১৪ এপ্রিল থেকে দিনের কোনো কোনো সময় ঢাকার কোনো কোনো এলাকায় স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় ৭০ শতাংশ পর্যন্ত বায়ুদূষণ কমেছে এবং সারা দিনের হিসেবে প্রায় ৪৫ শতাংশ কমেছে।