
নিউজ ডেস্কঃ সচেতন না হলে করোনার তৃতীয় ঢেউ আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুর সোয়া ১২টায় ভার্চ্যুয়াল মাধ্যমে ‘খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন’ শীর্ষক জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন এবং আলোচনা সভায় তিনি এ আশঙ্কার কথা বলেন।
জাহিদ মালেক বলেন, হঠাৎ করে করোনার সংক্রমণ বেড়ে গেল কেন, দ্বিতীয় ঢেউ এলো কেন? করোনার প্রথম ঢেউ আমরা ভালোভাবেই সামাল দিয়েছিলাম। মৃত্যুর হার দিনে ৭ থেকে ৮ জনে নেমে এসেছিল। আমাদের দেশে সংক্রমণ কমে দৈনিক সাড়ে তিন থেকে চারশো হতো। হঠাৎ করেই সেই সংক্রমণ ৭ হাজারে উঠে গেল কেন? মৃত্যুর সংখ্যা ১০০ হয়ে গেল কীভাবে। এই বিষয়গুলো দেখতে হবে। বিষয়গুলো আমরা যদি চিহ্নিত না করতে পারি, তাহলে আমাদের আবার তৃতীয় ঢেউয়ের জন্য অপেক্ষা করতে হবে। আমরা আবারও করোনার তৃতীয় ঢেউয়ে আক্রান্ত হতে পারি। সুতরাং সেই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে।