
নিউজ ডেস্কঃ কক্সবাজারের টেকনাফের দমদমিয়া ন্যাচার পার্ক সংলগ্ন জাদিমুরা- ২৭ নম্বর রোহিঙ্গা শিবিরে ডাকাতের গুলিতে মো. হোছন (৩০) নামের স্থানীয় এক যুবক নিহত এবং গুরুতর আহত হয়েছেন আয়াছ (১৯) নামের এক রোহিঙ্গা যুবক। বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাত ৮ টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহত মো. হোছন জাদিমুরা এলাকার মো. বাচ্চুর ছেলে এবং গুরুতর আহত রোহিঙ্গা মুজিব উল্লাহর ছেলে আয়াজ।
জানা গেছে, রাতে জাদিমুরা রোহিঙ্গা শিবিরে ডাকাত এসেছে এবং হারুন নামের এক রোহিঙ্গা যুবককে তারা অপহরণ করবে এমন খবর ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাত দলের সদস্যরা এলোপাতাড়ি গুলি ছুড়ে পাহাড়ের দিকে পালিয়ে যায়। এ সময় রোহিঙ্গা আয়াজ (১৯) ও জাদিমুরার হোছন (৩০) গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। পরে কক্সবাজার নেওয়ার পথে হোছন মারা যায়। রোহিঙ্গা শিবিরে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম তারিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।