
নিউজ ডেস্কঃ পুরান ঢাকার আরমানিটোলা খেলার মাঠ সংলগ্ন একটি ছয়তলা ভবনের নিচতলায় কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই ভবন থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ১৪ জনকে। বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির জানান, আগুনের ঘটনায় ভবনের একজন দগ্ধ হয়ে মারা গেছেন। ভোরে ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এর আগে বৃহস্পতিবার (২২ এপ্রিল) দিনগত রাত সোয়া ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের সংবাদ পায় ফায়ার সার্ভিস সদর দপ্তর। পরে ফায়ার সার্ভিসের ১৯টি টিম কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। সদর দপ্তরের ডিউটি অফিসার মাহফুজ রিভেল বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, আগুন লাগা ওই ভবনের নাম হাজী মুসা ম্যানশন। ভবনটির ছাদে অনেকেই আটকা পড়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা চলছে। ওই এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে।