
নিউজ ডেস্কঃ মানিকগঞ্জের শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নের পুইশা নামক এলাকায় বিনা অনুমতিতে নাল জমিতে (দুই/তিন ফসলি সমতল ভূমি) পুকুর খননের অপরাধে জমির মালিক ও ভেকুর চালককে মোট এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২১ এপ্রিল) দুপুরে শিবালয় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম আবু দারদা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অর্থদণ্ড প্রাপ্তরা হলেন শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নের পুইশা এলাকার জিন্নত মুন্সীর ছেলে রেজাউল করিম (৪০) এবং ভেকুর চালক মোজাফ্ফর রহমান (৪২)।
এ বিষয়ে শিবালয় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম আবু দারদা বলেন, পুইশা নামক স্থানে নাল শ্রেণির কৃষি জমিতে বিনা অনুমতিতে ভেকু দিয়ে মাটি খনন করে পুকুর কাটার অপরাধে জমির মালিক ও ভেকুচালককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ (১) ধারায় মোট এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়, অনাদায়ে তাদের দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।