
নিউজ ডেস্কঃ খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় এনটিভির খুলনা ব্যুরোপ্রধান আবু তৈয়বকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২১ এপ্রিল) সকালে মহানগর ভার্চুয়াল আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে মঙ্গলবার রাত ১০টার দিকে খুলনা থানা পুলিশ নগরীর নূর নগর এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। ওই দিন বিকাল ৪টার দিকে খুলনা সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি তালুকদার আব্দুল খালেক সাংবাদিক আবু তৈয়বের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে খুলনা থানায় মামলা দায়ের করেন। এ মামলার অপর আসামি রামপাল উপজেলার লোকসমাজ পত্রিকার প্রতিনিধি সবুর রানা।
খুলনা থানার ওসি আশরাফুল আলম জানান, খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের কারণে মঙ্গলবার বিকাল ৪টার দিকে তিনি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় সাংবাদিক আবু তৈয়বকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাঁকে ভার্চুয়াল আদালতে হাজির করে চার দিনের রিমাণ্ড আবেদন করা হয়। আদালত তাকে জেলহাজতে পাঠিয়েছেন।