
নিউজ ডেস্কঃ পূর্বাভাসকে সত্য পরিণত করে প্রকৃতি রুদ্রমূর্তি ধারণ করেছে। দেশের ১৪টি অঞ্চলে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। এরমধ্যে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে চারটি অঞ্চলের ওপর দিয়ে। এই অবস্থায় দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলে, রাতের তাপমাত্রা বাড়ার আভাস রয়েছে। আবহাওয়া অফিস মাসের শুরুতেই বলেছিল এক থেকে দু'টি তীব্র তাপপ্রবাহের কথা। এবার গরমকাল শুরুর আগেই তিনটি তাপপ্রবাহ বয়ে গেলেও তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি পেরোয়নি। কিন্তু চতুর্থ তাপপ্রবাহের শুরুতেই তাপমাত্রা ৪০ ডিগ্রি দিয়ে শুরু হয়েছিল, যা মঙ্গলবার (২০ এপ্রিল) সব রেকর্ড ছাড়িয়ে ৪০ দশমিক ৩ ডিগ্রিতে দাঁড়ালো।
মঙ্গলবার (২০ এপ্রিল) রাতে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বর্তমানে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, এর বর্ধিতাংশ অবস্থান করছে উত্তর বঙ্গোপসাগরে। এই অবস্থায় সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।