News71.com
 Bangladesh
 21 Apr 21, 09:11 AM
 221           
 0
 21 Apr 21, 09:11 AM

জিয়া-এরশাদের বিচ্ছু সামশু এখন জাতীয় সংসদের হুইপ।।

জিয়া-এরশাদের বিচ্ছু সামশু এখন জাতীয় সংসদের হুইপ।।

নিউজ ডেস্কঃ জিয়াউর রহমানের হাত ধরে তিনি নাম লিখিয়েছিলেন জাতীয়তাবাদী যুবদলে। এর পরই হামলে পড়েন ছাত্রলীগ আর যুবলীগ নেতাকর্মীদের ওপর। এরশাদ সরকারের আমলে জাপা ক্যাডার হিসেবে তিনি দাপিয়ে বেড়িয়েছেন পটিয়া থেকে চট্টগ্রাম মহানগরে। তিনি অকথ্য নির্যাতন চালিয়েছেন আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর। এই ‘তিনি’ হলেন সামশুল হক চৌধুরী ওরফে বিচ্ছু সামশু, যিনি বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে হয়েছেন জাতীয় সংসদের হুইপ।

জানা গেছে, শেখ হাসিনার নেতৃত্বে প্রথম দফায় আওয়ামী লীগ সরকার গঠনের পরপরই ভোল পাল্টে আবাহনী ক্রীড়াচক্রে নাম লেখানোর মধ্য দিয়ে ক্ষমতাসীন দলে ঢুকে পড়েন সামশুল হক চৌধুরী। অল্প সময়েই কূটকৌশল খাটিয়ে, হিংস্রতাকে পুঁজি করে আওয়ামী লীগের নেতৃত্ব পর্যায়ে পৌঁছে যান তিনি। এ জন্য দলটির যে পর্যায়ের নেতাকর্মীকেই তিনি বাধা মনে করেছেন, তাঁকেই মামলা-হামলা দিয়ে সরাতে বিন্দুমাত্র দ্বিধা করেননি।

পটিয়ায় ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে যাত্রা শুরু করা সামশুল হক চৌধুরীর বিরুদ্ধে বরাবরই দুর্নীতি, অনিয়ম, লুটপাটের অসংখ্য অভিযোগ উঠেছে, তদন্তও হয়েছে দফায় দফায়। যথারীতি দুর্নীতি দমন কমিশনের নোটিশও হয়েছে তাঁর নামে। কিন্তু কিছুতেই কিছু হয়নি তাঁর। সব অভিযোগকে ছাইচাপা দিয়ে তিনি তরতর করে উঠে গেছেন ওপরের দিকে। তাঁর নির্বাচনী এলাকা পটিয়ায় বেপরোয়া দখলবাজি, চাঁদাবাজি, হয়রানি, অত্যাচার, নিয়োগ বাণিজ্য থেকে কমিশন বাণিজ্য পর্যন্ত সব কিছুর সঙ্গেই তাঁর পরিবারের সদস্যরা আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছেন। এসব নিয়ে বারবারই তিনি বিতর্কিত হয়েছেন; ক্ষোভ, অসন্তোষ সৃষ্টি হয়েছে খোদ দলীয় ফোরামেও। কিন্তু কোনো কিছুতেই তোয়াক্কা করেননি তিনি। আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীদের অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রকৃতপক্ষে বিচ্ছু সামশুর অন্তরে বিএনপি-জাতীয় পার্টি; মুখে মুখে তিনি আওয়ামী লীগার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন