
নিউজ ডেস্কঃ দেশে করোনা ভাইরাসের সংক্রমণের দ্বিতীয় ঢেউ কমাতে চলমান ‘কঠোর লকডাউনের’ মেয়াদ ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। বর্ধিত লকডাউনেও আগের শর্তগুলো বহাল থাকবে। মঙ্গলবার (২০ এপিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ২২ এপ্রিল থেকে নতুন এই লকডাউন কার্যকর হবে।
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে আটদিনের কঠোর লকডাউন শুরু হয়। সেই মেয়াদ শেষ হচ্ছে আগামীকাল বুধবার (২১ এপ্রিল) মধ্যরাতে। তবে করোনা সংক্রমণ পরিস্থিতির এখনও উন্নতি হয়নি। এই প্রেক্ষাপটে রবিবার (১৮ এপ্রিল) ৩১তম সভায় সংক্রমণ রোধে আরো এক সপ্তাহের জন্য ‘কঠোর লকডাউন’ আরোপের সুপারিশ করে কভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। লকডাউনের মেয়াদ বাড়াতে সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে আন্তঃমন্ত্রণালয় সভা হয়। সেখানে লকডাউন আরো এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত হয়।