
নিউজ ডেস্কঃ নিজের তৈরি ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন বকুল হোসেন নামে এ গৃহকর্তা। পোষা কবুতর রক্ষা করতে বনবিড়াল ধরার ফাঁদ পেতেছিলেন তিনি। সোমবার (১৯ এপ্রিল) সকালে ওই ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি। এ ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শিয়ালমারী গ্রামে। নিহত বকুল হোসেন শিয়ালমারী গ্রামের তুরাপ আলীর ছেলে।
মৃতের পরিবারের সদস্যরা জানান, বকুল শখের বশে বাড়িতেই কবুতর পুষতেন। প্রায়ই রাতে বনবিড়াল কবুতরের খোপে (ছোট ঘর) হানা দিয়ে কবুতর খেয়ে ফেলতো। গত রোববার রাতে বন বিড়ালের হাত থেকে রক্ষা পেতে কবুতর খোপের চারপাশে বৈদ্যুতিক তার দিয়ে ফাঁদ পেতে রাখেন বকুল। সোমবার ভোরে কবুতরের ঘরে বনবিড়াল ঢোকার শব্দ পেয়ে তড়িঘড়ি করে সেটি মারতে গিয়ে নিজেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি। উথলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, নিজের তৈরি ফাঁদেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন বকুল। তার দাফন সম্পন্ন করা হয়েছে।