
নিউজ ডেস্কঃ গ্রেফতার করা হয়েছে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে। তার গ্রেফতার ঘিরে যে কোনো ধরনের অপতৎপরতা এড়াতে দেশজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। আইন-শৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানায়, হেফাজতে ইসলামের দেশজুড়ে জ্বালাও-পোড়াও তাণ্ডবের পর আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে যায়। বিভিন্ন থানায় থানায় বাঙ্কার বানিয়ে এলএমজি গার্ড বসানো হয়। কয়েকদিন ধরে বিভিন্ন সহিংসতায় জড়িতসহ গ্রেফতার করা হয় নির্দেশদাতা হিসেবে কেন্দ্রীয় নেতাদের।
এরই ধারাবাহিকতায় দীর্ঘ নজরদারি শেষে রবিবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদ্রাসা থেকে গ্রেফতার করা হয় বহুল আলোচিত মামুনুল হককে। তাকে গ্রেফতারের পর সারাদেশে বিশেষ করে চট্টগ্রাম-ব্রাহ্মণবাড়িয়াসহ হেফাজত অধ্যুষিত এলাকায় বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে। পুলিশ সূত্র জানায়, রবিবার সকালে সব এসপি ও রেঞ্জের ডিআইজিকে নিজ নিজ জেলার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে। মাঠপর্যায়ে সেই নির্দেশনা পৌঁছে দেওয়া হয়েছে। কেউ যাতে কোনোভাবেই অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সেদিকে খেয়াল রাখতে বলা হয়েছে।