
নিউজ ডেস্কঃ মামুনুল হককে গ্রেপ্তারের সময় হাতকড়া পরানো হয়নি। ‘আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে’- পুলিশের এ কথার পর তিনি শান্তভাবে হেঁটে মাদরাসা থেকে বের হয়ে আসেন। দীর্ঘ নজরদারি শেষে মামুনুলকে গ্রেপ্তারের সিদ্ধান্তের পর শনিবার (১৭ এপ্রিল) রাত থেকেই মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসার আশপাশে পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজন অবস্থান নেন। সকালের দিকে মাদরাসা এলাকায় বাড়ানো হয় পুলিশ সদস্যের সংখ্যাও। দুই শতাধিক পুলিশ সদস্যের উপস্থিতিতে স্বাভাবিকভাবেই মামুনুলকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়।
পুরো সময়ে তাকে কেন হাতকড়া পরানো হয়নি- এমন প্রশ্নে তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) হারুন অর রশীদ বলেন, মামুনুল হককে গ্রেপ্তার করাটাই মুখ্য বিষয়। তাকে গ্রেপ্তার করে আমরা নিয়ে এসেছি। এ সময় তাকে হাতকড়া পরানো বা না পরানোর নির্দিষ্ট কোনো কারণ নেই। নাশকতাসহ একাধিক মামলার আসামি হেফাজত নেতা মামুনুলকে গ্রেপ্তারের সময় হাতকড়া পরানো না হলেও সাংবাদিক প্রবীর সিকদার, ফটোসাংবাদিক কাজল, কার্টুনিস্ট কিশোর, কারাগারে মৃত্যুবরণকারী লেখক মুশতাক কিংবা খুলনার শ্রমিক নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রুহুল আমিনকে গ্রেপ্তারের সময় ঠিকই হাতকড়া পরানো হয়। বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে সচেতন মহলের মধ্যে।