
নিউজ ডেস্কঃ মাদারীপুরের কালকিনি উপজেলায় জাটকা বিক্রির দায়ে পাঁচ মাছ বিক্রেতাকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৮ এপ্রিল) সকালে উপজেলার মিয়ারহাটে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান।
দণ্ডপ্রাপ্ত পাঁচ মাছ বিক্রেতা হলেন- কোমর বেপারী, মো. সজিব সরদার, শিপন বেপারী, কালাম সরদার ও পারভেজ সরদার। সূত্র জানায়, কালকিনি উপজেলার মিয়ারহাটের পাইকারি মাছের আড়তে জাটকা বিক্রি হচ্ছে এমন গোপন খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করেন ইউএনও মেহেদী হাসান। এ সময় সেখান থেকে এক হাজার পাঁচশ’ কেজি জাটকাসহ আটক করা হয় পাঁচ মাছ বিক্রেতাকে। পরে জাটকা বিক্রির দায়ে প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।