
নিউজ ডেস্কঃ করোনার বিস্তার মোকাবেলায় দেশজুড়ে আরোপ করা কঠোর বিধি-নিষেধের চতুর্থ দিনে গতকাল শনিবার রাজধানীর প্রধান সড়কে অনেক অটোরিকশা চলতে দেখা গেছে, গত তিন দিনে যা দেখা যায়নি। বেড়েছে ব্যক্তিগত গাড়িও। রিকশাও ছিল আগের দিনগুলোর চেয়ে বেশি। ভাড়ায় চলা মোটরসাইকেলও চলেছে যাত্রী নিয়ে। এ কারণে কোনো কোনো মোড়ে ট্রাফিক পুলিশকে যানবাহন নিয়ন্ত্রণ করতে হয়েছে।
গতকাল সরেজমিনে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্রের পাশাপাশি পুলিশকেও দায়িত্ব পালন করতে দেখা গেছে। তল্লাশিচৌকিগুলোতে শুরুর দিকের মতো এত কঠোর হতে দেখা যায়নি পুলিশকে। জরুরি কিছু সেবা ছাড়া অন্যান্য ক্ষেত্রে কোনো কাজে বের হতে লোকজনকে মুভমেন্ট পাস নিতে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। গত ১৪ এপ্রিল আট দিনের ‘লকডাউন’ শুরুর দিন পুলিশকে কঠোর ভূমিকায় দেখা গেছে। কিন্তু পরের দিন কিছুটা হলেও ঢিলেঢালা ছিল বিধি-নিষেধ। তৃতীয় সরকারি ছুটির দিনে সড়কে যানবাহন ও লোক চলাচল কম দেখা গেছে। কিন্তু গতকাল সরকারি ছুটির দিনে ছিল অন্য চিত্র।