
নিউজ ডেস্কঃ প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদেরকে ভাতা প্রদানের মাধ্যমে একসময় পরিচিতি পাওয়া প্রগতি সিস্টেমসের সেবা শিওরক্যাশ বন্ধ হয়ে যাওয়ায় চারটি ব্যাংক বিপাকে পড়েছে। রাষ্ট্রীয় মালিকানাধীন একটি ব্যাংক ছাড়াও বেসরকারি তিনটি ব্যাংকও এই সেবার সঙ্গে যুক্ত ছিল। সম্প্রতি প্রগতি সিস্টেমস তাদের মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিস বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছে এই চারটি ব্যাংকের গ্রাহকরাও।
ফলে দেশে বৃত্তি, ভাতা বিতরণ, ভর্তুকি প্রদানসহ নানা ক্ষেত্রে এই ব্যাংকগুলোর যে সেবা ছিল সেটিও বন্ধ হয়ে গেছে। তাতে করে বেশ কয়েক লাখ সুবিধাভোগী এখন সমস্যায় পড়েছে। শিওরক্যাশ মূলত প্রগতি সিস্টেমসের মোবাইল ব্যাংকিং সেবার ব্র্যান্ডের নাম। মোবাইল ব্যাংকিং সেবার প্রযুক্তি, পরিবেশক, এজেন্ট ও ব্যবসা উন্নয়ন পরিচালনা করে থাকে প্রগতি সিস্টেমস। তবে গত বছর হঠাৎ প্রতিষ্ঠানটি সেবার ধরন পরিবর্তনের উদ্যোগ নেয়। ফলে বিপাকে পড়ে যায় ব্যাংকগুলো।