
নিউজ ডেস্কঃ অবতরণের অনুমতি নিয়ে জটিলতা ও যাত্রী না থাকায় বিমানের শনিবার (১৭ এপ্রিল) প্রথম দিনের ৫টি ফ্লাইটই বাতিল করা হয়েছে। এদিকে জেদ্দার পর সৌদি আরবের রিয়াদ ও দাম্মামে বিশেষ ফ্লাইট অবতরণের অনুমতি পেয়েছে বাংলাদেশ বিমান। করোনার ঊধ্বর্গতি নিয়ন্ত্রণে ১৪ এপ্রিল আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের পর সৌদি আরবসহ প্রধান ৫টি শ্রমবাজারে বিশেষ ফ্লাইট চালুর উদ্যোগে নতুন আশায় বুক বেধেছিলেন আটকে পড়া প্রবাসী কর্মীরা। ঘোষিত শিডিউল অনুযায়ী করোনা পরীক্ষার পর শনিবার লকডাউনের মধ্যে কয়েকগুণ বেশি ভাড়ায় গাড়িতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হন শত শত প্রবাসী।
পরে জানতে পারেন ১০টি বিশেষ ফ্লাইটের মধ্যে ৫টি বাতিল। এতে কেউবা ক্ষোভে ফেটে পড়েন। আর ভিসার মেয়াদ শেষ হতে চলায় হতাশায় মুষড়ে পড়েন অনেকে। এদিকে প্রবাসীদের বিক্ষোভের খবরে শনিবার (১৭ এপ্রিল) দুপুরে বিমানবন্দরে ছুটে আসেন পররাষ্ট্র, প্রবাসী কল্যাণ ও বেসামরিক বিমান পরিবহন সচিব। কর্মীদের ভিসার মেয়াদ বাড়িয়ে কর্মস্থলে পাঠাতে সংশ্লিষ্ট সব দেশের সঙ্গে আলোচনা চলছে বলে যাত্রীদের আশ্বস্ত করেন তারা।