
নিউজ ডেস্কঃ ফেসবুক-মেসেঞ্জারে ভুয়া প্রোফাইল তৈরির মাধ্যমে ফাঁসানোর চেষ্টার অভিযোগ এনে দুই শিক্ষার্থীর নামে রেজিস্ট্রার বরাবর অভিযোগ দিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক তাসনীম হুমাইদা। গত মঙ্গলবার (১৩ এপ্রিল) নিজ বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ আল তোফায়েল এবং এক ছাত্রীর নাম উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মুস্তাফা কামাল বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ওই শিক্ষিকা। ভুয়া আইডির মাধ্যমে ভুয়া নোটিশ দিয়ে শিক্ষার্থীদের নিকট থেকে জরিপের জন্য টাকা উত্তোলন করে পেশাগত ও ব্যক্তিগত সুনামহানি করা হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করেন তিনি।
এদিকে, শিক্ষার্থীদের ফাঁসাতে অভিনব নাটক/প্রতারণার অভিযোগ এনে সহকারী অধ্যাপক তাসনীম হুমাইদা এবং তার স্বামী রাজুর বিরুদ্ধে রেজিস্ট্রার আবু হেনা মুস্তাফা কামাল এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান ড. নজরুল ইসলাম বরাবর পৃথক লিখিত অভিযোগ দিয়ে এর প্রতিকার চেয়েছেন একই বিভাগের ভুক্তভোগী দুই শিক্ষার্থী আব্দুল্লাহ আল তোফায়েল এবং রাহাতুল জান্নাত। অভিযুক্ত শিক্ষার্থী আব্দুল্লাহ আল তোফায়েল তার অভিযোগে বলেছেন, আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ করেছেন তা সম্পূর্ণ কাল্পনাপ্রসূত, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। আমি মনে করি আমার প্রতি তার ব্যক্তি আক্রোশের ফল হিসেবে তিনি এটি করেছেন। এবিষয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান ড. নজরুল ইসলাম অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।