
নিউজ ডেস্কঃ ‘ভিসা সমস্যার বিষয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হবে। আপনাদের পৌঁছে দেয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে। আপনারা ধৈর্য ধরেন।’ শনিবার (১৭ এপ্রিল) বিমান বন্দরে বিক্ষোভকারীদের উদ্দেশে এ কথা বলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন। এ সময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, যাদের ভিসা বাতিল হয়েছে তাদের ভিসা কার্যকর করতে আমরা প্রতিনিয়ত সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ রাখছি। এদিকে কোভিড সনদ, ভিসা-পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে নির্ধারিত সময়ে বিমানবন্দরে এসে জানতে পারেন বাতিল করা হয়েছে বিশেষ ফ্লাইট। তখন সৌদিগামী কেউ কেউ ফেটে পড়েন ক্ষোভে, কেউ আবার হতাশায় দিশেহারা।
বিশেষ ফ্লাইটে যাদের যাত্রা করার কথা ছিল তাদের প্রায় সবারই ভিসার মেয়াদ শেষের দিকে আর ফ্লাইট বাতিলের খবরে তাই অনেকের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তায় মধ্যে পড়েছে বলে জানা গেছে। নাম না প্রকাশ করার শর্তে বিমানের এক কর্মকর্তা জানান, সৌদি আরবে অবতরণের অনুমতি না পাওয়ার কারণেই বাতিল করতে হয়েছে বিশেষ ফ্লাইট।