
নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ের জামুন ব্রিকস ফিল্ড নামে ইটভাটার কাচাঁমাল সংগ্রহের জন্য জমির মাটি খুঁড়তে গিয়ে বেরিয়ে আসে একটি বিশাল আকৃতির বিষ্ণু মূর্তি। মূর্তিটি উদ্ধারের পর বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুরে থানায় গিয়ে স্বেচ্ছায় জমা দেন ইটভাটার মালিক আলহাজ্ব হবিবর রহমান চৌধুরী। গত বুধবার সকাল থেকে ভেকু মেশিনের মাধ্যমে কুমারপাড়া গ্রামের একটি পুকুর থেকে মাটি কাটে শ্রমিকরা। সন্ধ্যায় সেখান থেকে মাটি নিয়ে ইটভাটায় আসার পর মাটি সংরক্ষণের সময় একটি পাথর খণ্ড বেরিয়ে আসে।
শ্রমিকরা ওই পাথর খণ্ডটি ‘মূর্তি’ বলে নিশ্চিত করে বিষয়টি ভাটা মালিককে অবগত করে। পরে ভাটা মালিক জনপ্রতিনিধি ও স্থানীয়দের পরামর্শে বৃহস্পতিবার দুপুরে স্বেচ্ছায় হরিপুর থানায় গিয়ে মূর্তিটি জমা দেন। এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান পাভেল তালুকদার, ইটভাটা মালিক আলহাজ্ব হবিবর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাটা মালিকের ছেলে জামিল চৌধুরীসহ অনেকে। মূর্তিটি স্বেচ্ছায় জমা দেয়ায় থানা পুলিশের কর্মকর্তাগণ তাদের সাধুবাদ জানান।