
নিউজ ডেস্কঃ মাদারীপুরের শিবচরে ইউপি নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ইলিয়াস ঢালী নামে একজন নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ভোররাত ৫টার দিকে মারা যান ইলিয়াছ ঢালী (৪০)। এর আগে বুধবার (১৪ এপ্রিল) রাত ৯টার দিকে শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়নের ডিগ্রিরচর গ্রামে এক সংঘর্ষে আহত হন ইলিয়াছ। নিহত ইলিয়াস উপজেলার ডিগ্রিরচর গ্রামের ইউনুস ঢালীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাত ৯টার দিকে ডিগ্রিরচর এলাকায় কাদিরপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর বেপারির সমর্থক আব্বাস মুন্সীর সঙ্গে অপর চেয়ারম্যান প্রার্থী চাঁন মিয়া তালুকদারের সমর্থক মজিবুর রহমানের নির্বাচনের দিন প্রভাব খাটানোকে নিয়ে কথা কাটাকাটি হয়। এ খবর ছড়িয়ে পড়লে উপয়পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে নারীসহ আহত হন অন্তত ৬ জন। তাদের প্রত্যেককে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
দুই চেয়ারম্যান প্রার্থীরা আহতদের দেখতে হাসপাতালে গেলে সেখানেও উভয়পক্ষের ফের সংঘর্ষ হয়। এতে ভয়ে হাসপাতাল থেকে আহতদের মধ্যে কয়েকজন অন্যত্র পালিয়ে যায়। পরে আহত ইলিয়াছ ঢালী উপজেলার শেখপুরের সম্বুক এলাকায় শ্বশুরবাড়ি চলে যান। ভোর ৫টার দিকে সেখানে মারা যান ইলিয়াস।