
নিউজ ডেস্কঃ সাবেক আইনমন্ত্রী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদ্যঃপ্রয়াত সভাপতি অ্যাডভোকেট আবদুল মতিন খসরু এমপির প্রতি সম্মান দেখিয়ে আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সুপ্রিম কোর্ট বসছে না। আপিল বিভাগের ১ নম্বর বেঞ্চে বসার পর প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আজ সকালে এ সিদ্ধান্ত জানান।
এদিকে আজ সকাল ১০টায় সুপ্রিম কোর্ট চত্বরে আবদুল মতিন খসরুর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৫ এপ্রিল থেকে সুপ্রিম কোর্টসহ সারা দেশে আদালতের স্বাভাবিক বিচারকাজ বন্ধ ঘোষণা করা হয়। তবে জামিন ও জরুরি ফৌজদারি বিষয় শুনানির জন্য ১১ এপ্রিল পর্যন্ত আপিল বিভাগের একটি চেম্বার আদালত, হাইকোর্ট বিভাগে চারটি বেঞ্চ ও অধঃস্তন আদালতে কেবল ম্যাজিস্ট্রেট আদালত খোলা রাখা হয়।