
নিউজ ডেস্কঃ মাগুরা সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় শফিকুল ইসলাম (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তার বন্ধু মাহিন শেখ (২৪)। বুধবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার রামনগর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম মাগুরা পৌরসভার পারনান্দুয়ালি বিশ্বাস পাড়ার মকলেছুর রহমানের ছেলে। আহত মাহিন শেখ শহরের দোয়ারপাড় এলাকার মান্নান শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাগুরা পৌরসভার পারনান্দুয়ালি এলাকার দুই বন্ধু শফিক ও মাহিন মোটরসাইকেলে করে মাগুরায় যাচ্ছিলেন। পথে রামনগর ঠাকুরবাড়ি এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে ওঠার পর পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শফিক মারা যান। গুরুতর আহত অবস্থায় মাহিনকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নুল আবেদিন বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে নিহত তরুণের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।