
নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকসহ নতুন করে আরও ৬০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১২ এপ্রিল) জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ নিয়ে ওই ঘটনায় এখন পর্যন্ত ১৬৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের মধ্যে বিএনপি, জামায়াত ও হেফাজতের গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. রইছ উদ্দিন বলেন, ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ৬০ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে বিএনপি, জামায়াত ও হেফাজতের কর্মী-সমর্থকদের গুরুত্বপূর্ণ ১৬ জন আছেন। ভিডিও ফুটেজ দেখে ও সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। সহিংসতার সময়ে যে ভিডিও এবং স্থির চিত্র ধারণ করা হয়েছে, তা দেখে আসামিদের শনাক্ত করছি। প্রতিনিয়ত সেগুলো পর্যালোচনা করা হচ্ছে। অভিযান অব্যাহত থাকবে।