
নিউজ ডেস্কঃ হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের দ্বিতীয় শ্বশুর ওয়ালিয়ার রহমানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ফরিদপুরের আলফাডাঙ্গার স্থানীয় আওয়ামী লীগ। এতে হেফাজতে ইসলামের সঙ্গে তার পরিবারের সংশ্লিষ্টতার বিষয়ে আগামী সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। গতকাল সোমবার আলফাডাঙ্গার ২নম্বর গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোনায়েম খান ও সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন স্বাক্ষরিত দলীয় প্যাডে এই নোটিশ দেয়া হয়।
জানা যায়, হেফাজত নেতা মামুনুলের রিসোর্টকাণ্ডের পর থেকেই আলোচনায় ফরিদপুরের আলফাডাঙ্গার জান্নাত আরা ঝর্ণা। ঝর্ণা উপজেলার গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি মো. ওলিয়ার রহমানের মেঝো মেয়ে। ওলিয়ার রহমান ওই ইউনিয়নের কুলধর গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য। এ ঘটনার পর থেকে মো. ওলিয়ার রহমানের পরিবারের সদস্যবৃন্দ হেফাজত ইসলাম সংগঠনের সাথে সম্পৃক্ত পাওয়ার কারণে তাকে আওয়ামী লীগ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
নোটিশে উল্লেখ করা হয়, আপনি মো. ওয়ালিয়ার রহমান, গোপালপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। আপনার বড় জামাতা মো. হাবিবুর রহমান, মেজ জামাতা অর্থাৎ জান্নাত আরা ঝর্ণার সাবেক স্বামী মো. জাফর শহিদুল ইসলাম, সর্বাধিক সমালোচিত আপনার মেজ মেয়ে জান্নাত আরা ঝর্ণার কথিত স্বামী মো. মামুনুল হকসহ সবাই উগ্রপন্থী ইসলামী সংগঠনের (হেফাজতে ইসলাম) সঙ্গে জড়িত। আপনার মেয়ে জান্নাত আরা ঝর্ণা অবৈধ কার্যকলাপে লিপ্ত। এমনকি আরো জানা যায় যে, আপনার স্ত্রীও জামায়াতপন্থী।