
নিউজ ডেস্কঃ দুয়ারে কড়া নাড়ছে বৈশাখ। গত কয়েক বছরে বাংলা নববর্ষ 'জাতীয় উৎসবে' রূপ নিয়েছে। তবে করোনা ভাইরাস সংক্রমণে সৃষ্ট পরিস্থিতিতে গত বছর সেই চিত্র ছিল না। এবারও লকডাউনের কারণে সার্বজনীনভাবে হচ্ছে না পহেলা বৈশাখ উদযাপন। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদে সীমিত পরিসরে বাংলা নববর্ষ উদযাপন করা হবে। এ আয়োজনে চারুকলা অনুষদ চত্বরে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে মাত্র ১০০ জন অংশ নিতে পারবেন।
রবিবার (১১ এপ্রিল) রাতে এ বিষয়ে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন। তিনি বলেন, এ বছর করোনার কারণে সব আয়োজনেই জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। তবে যেহেতু এটি স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছর, সেহেতু যদি আমরা কিছুই না করি, তবে স্বাধীনতার বিপক্ষের শক্তি মাথা চাড়া দিয়ে উঠবে। তাই সীমিত পরিসরে হলেও মঙ্গল শোভাযাত্রার আয়োজন করবে কর্তৃপক্ষ।