
নিউজ ডেস্কঃ মাহফিল ও সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় ইস্যুতে উসকানিমূলক বক্তব্য দেওয়ার দায়ে ওয়াসেক বিল্লাহ নোমানী নামে এক বক্তাকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। তিনি খাইরুল উম্মাহ নামে একটি সমাজসেবী সংগঠনের ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক এবং কওমি মাদরাসার শিক্ষক বলে জানা গেছে।
রবিবার (১১ এপ্রিল) রাত সাড়ে ১১টায় তাকে আটকের খবর নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান। এর আগে, বিকেল ৫টার দিকে ডিবি পুলিশ পরিচয়ে ময়মনসিংহ নগরীর সানকিপাড়ার এসএ সরকার রোডের বাসা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়।
আটকের ব্যাপারে পুলিশ সুপার আহমার উজ্জামান বলেন, বিভিন্ন ওয়াজ মাহফিল ও সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় ইস্যুকে পুঁজি করে ওয়াসেক বিল্লাহর উসকানিমূলক বক্তব্য প্রদান করার কয়েকটি ভিডিও আমাদের নজরে এসেছে। ওইসব বক্তব্য ধর্মীয় বিভেদ তৈরি করাসহ মানুষকে ভিন্ন পথে ধাবিত করার একটি অপপ্রয়াস। অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে।